বাংলাদেশ ম্যাচের আগে করোনা আক্রান্ত নেপালের ধিমাল

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:০৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ফের ধাক্কা খেল নেপাল ফুটবল দল। জামাল ভূঁইয়াদের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটি শুক্রবার। তার আগে বুধবার অতিথি দলটির ফুটবলার রনজিৎ ধিমাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

‘বাংলাদেশ ও নেপালের সব খেলোয়াড়দের মঙ্গলবার সকালে কভিড-১৯ পরীক্ষা করানো হয়। নেপাল দলের রনজিৎ সে পরীক্ষায় পজিটিভ হয়েছেন।’- বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

করোনায় আক্রান্ত হলেও রনজিতের শরীরে কোনো উপসর্গ নেই। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে।

এর আগে ৫ নভেম্বর নেপাল ফুটবল দল ঢাকায় আসর পর তাদের করোনা পরীক্ষা করানো হয়। ২৫ খেলোয়াড় ও ১১ অফিশিয়ালের সবারই সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।

বাংলাদেশে আসার আগে নেপালের একাধিক খেলোয়াড় করোনায় আক্রান্ত হন। তাই পূর্ণ শক্তির দল নিয়ে ঢাকায় আসতে পারেনি তারা।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত