বাংলাদেশসহ পৃথিবীর মোট ১২৪টি দেশে প্রতি বছর প্রায় ৪২ লাখ নিউমোনিয়া আক্রান্ত শিশু পর্যাপ্ত অক্সিজেনের অভাবে ছটফট করে বলে জানিয়েছে ইউনিসেফ, ক্লিনটন হেলথ অ্যাকসেস ইনিশিয়েটিভ এবং সেভ দ্য চিলড্রেন।
বিশ্ব নিউমোনিয়া দিবসে ইউনিসেফের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সংস্থাগুলো বলছে, শিশুদের ভয়ংকর এই রোগে প্রতি বছর ৮ লাখের মতো বাচ্চা মারা যায়, যাদের বয়স ৫ বছরের কম।
মেডিকেল অক্সিজেন রোগটির জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পৃথিবীর অনেক দেশের অভিভাবকেরা এর খরচ বহন করতে পারেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘নভেল করোনাভাইরাসের পর বাংলাদেশ, ভারত এবং নাইজেরিয়ার মতো দেশে অক্সিজেনের দাম বেড়েছে, মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। নিউমোনিয়ার কারণে যেসব অঞ্চলে সবচেয়ে বেশি শিশু মারা যায়, এই দেশগুলো তার মধ্যে অন্যতম।’
রিসার্চ ফর ডিসিশন মেকার্স (আরডিএম) এবং ডেটা ফর ইমপ্যাক্ট (ডিফরআই)-এর মতবিনিময় সভায় বুধবার বলা হয়েছে, বাংলাদেশে নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার ৩০০ শিশুর মৃত্যু হয়। এই শিশুদের ৫২ শতাংশই বাড়িতে এবং কোনো ধরনের চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে।
ফুসফুসের প্রদাহ থেকে নিউমোনিয়া হয়। যেসব শিশুর অক্সিজেনের স্বল্পতা থাকে তাদের নিউমোনিয়ায় মৃত্যুহার বেশি।
রোগটির অন্যতম কারণ পরিবেশদূষণ। এটি নিয়ন্ত্রণে আনা খুব জরুরি। নিউমোনিয়ার উপসর্গ থাকলে শিশুকে যেন বাড়িতে না রেখে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, সে জন্য সচেতনতা বাড়াতে বলেছেন বিশেষজ্ঞরা।
