ঝালকাঠিতে ছাত্র ও যুব অধিকার পরিষদের ওপর হামলার অভিযোগ

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১১:০৯ পিএম

ঝালকাঠিতে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর। এর প্রতিবাদে শুক্রবার রাজধানীতে সন্ধ্যায় তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।

ঝালকাঠিতে হামলার অভিযোগ জানিয়ে এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৭টায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট মোড় হয়ে কাকরাইল এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে নুরুল হক নুর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। সাত দিনের মধ্যে ঝালকাঠিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে শুক্রবার ঢাকার মহাসমাবেশ করা হবে।

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব সোহরাওয়ার্দী শুভ অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেল ৩টায় ঝালকাঠি ইকোপার্কে এ হামলার ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানা ছাত্রলীগের সদরের সাধারণ সম্পাদক নাদিম মাহামুদের নেতৃত্বে হামলায় আহত হন ঝালকাঠি জেলা ছাত্র অধিকারের সভাপতি ফয়সাল আহমেদ ও যুব অধিকারের কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসা। 

তার অভিযোগ, শুক্রবার বিকেলে ঝালকাঠি ইকোপার্কে জেলা ছাত্র অধিকারের উদ্যোগে একটি আলোচনার আয়োজন করা হয়। এ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণের কথা ছিল নুরুল হক নুরসহ চার কেন্দ্রীয় নেতার। সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্র অধিকারের চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

সোহরাওয়ার্দী শুভর দাবি, স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। আহতদের চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঝালকাঠি থেকে নৌকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়।

এ বিষয়ে যোগযোগ করা হলে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমরা লোকমুখে এ ধরনের একটা প্রোগ্রামের কথা শুনে ইকোপার্কে ফোর্স পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তা ছাড়া ওখানে কোনো ঝামেলা হয়েছে এমন অভিযোগও কেউ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত