ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে ভিয়েতনামের পথে রয়েছে টাইফুন ‘ভামকো’। চলতি সপ্তাহে ফিলিপাইনে টাইফুন ‘ভামকো’র তাণ্ডবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
ফিলিপাইন ন্যাশনাল পুলিশ (পিএনপি) শনিবার জানায়, বুধবার ও বৃহস্পতিবার দেশটির প্রধান দ্বীপ লুজনে টাইফুনের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ২২ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান ও ইসাবেলা প্রদেশে উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে। রাবার বোট ব্যবহার করে ডুবে যাওয়া ঘরবাড়ি এবং ছাদে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে।
ফিলিপাইন কোস্ট গার্ডের দেওয়া ফুটেজে দেখা যায়, লুজনের প্রধান নদীর পাথরের বাঁধ উপচে পড়া বন্যার পানিতে প্রদেশটি তলিয়ে গেছে।
কাগায়ানের গভর্নর ম্যানুয়েল মামবা শনিবার বলেছেন, শুক্রবার রাতে বিদ্যুতায়িত হয়ে এক উদ্ধার কর্মীর মৃত্যু হয়েছে।
মামবা বন্যার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, অনেক প্লাবিত এলাকা স্থলপথে পর্যবেক্ষণ সম্ভব নয়। এ জন্য তিনি হেলিকপ্টারের সহায়তার আবেদন জানিয়েছেন।
ফিলিপাইন যখন এই বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘গনি’র ধ্বংসযজ্ঞ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করছিল, তখনই টাইফুন ‘ভামকো’ আঘাত হানে।
এদিকে টাইফুন ‘ভামকো’ উপকূলের দিকে ধেয়ে আসতেই ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশের লোকজনের মধ্যে বন্যা ও ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। চলতি বছর দেশটিতে আঘাত হানা এটি ১৩তম বড় ঝড় হতে যাচ্ছে।
