হবিগঞ্জে কলেজছাত্রের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০৩:২৯ পিএম

জেলার চুনারুঘাট উপজেলায় স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে দুই কলেজছাত্রের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- ওই উপজেলার উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুল কাইয়ুম সরকারের ছেলে চুনারুঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান সরকার (২২) ও তার বন্ধু একই গ্রামের রাব্বি (২০)।

স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জিসান সরকারের। বৃহস্পতিবার বেলা দেড়টায় ওই ছাত্রী স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় জিসান ঘুরতে যাওয়ার কথা বলে কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় জিসানের বন্ধু রাব্বি তাকে সহযোগিতা করে। বাড়ি ফেরার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ এ ঘটনায় মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত