বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক দোকানে উঠে পড়ায় জান্নাতুল মাওয়া নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।
এ সময় আহত হয়েছেন আরও তিন নারী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলা সদরের বিশ্বরোডের মোড়ের সকাল সন্ধ্যা রেস্তোরাঁর সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
নিহত শিশু জান্নাতুল মাওয়া ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে।
আহতরা হলেন- ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের জাকিয়া বেগম (৪৫), শিরিনা (২৪) এবং সাথী (১৮)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি শনিবার রাত সাড়ে আটটার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলা সদরের বিশ্বরোডের মোড়ের সকাল সন্ধ্যা রেস্তোরাঁর সামনে পৌঁছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে উঠে পড়ে ট্রাকটি। এতে ওই দোকানে থাকা শিশু জান্নাতুল মাওয়াসহ চারজন আহত হন।
এর মধ্যে শিশু জান্নাতুল মাওয়া ঘটনাস্থলেই মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চায়ের দোকানি জাকিয়া বেগমের অবস্থায় গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
