ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন রাজধানীর বেশ কিছু এলাকায় বাস পোড়ানোর ঘটনায় করা মামলায় বিএনপির দেড় শ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জামিনের আবেদন করা হয়েছে। কার্যতালিকায় এলে আগামী বুধবার আবেদনের ওপর শুনানি হতে পারে।
জামিনের আবেদনকারী উল্লেখযোগ্য নেতারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন, দলটির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
কায়সার কামাল বলেন, ‘ওই ঘটনায় বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় আজ (রবিবার) দেড় শ নেতাকর্মীর পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আরো অনেকে জামিনের আবেদন করবেন। আমরা মনে করি রাজনৈতিক প্রতিহিংসাবশত এসব মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে।’
১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুর থেকে ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর নয় থানায় মোট ১৩টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৬৪৭ জনকে।
