আফ্রিদিকে প্রথম বলেই বোল্ড করে ক্ষমা চাইলেন হারিস রউফ (ভিডিও)

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০৬:২৫ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে রবিবার বল হাতে হারিস রউফ ছিলেন দুর্দান্ত। মুলতান সুলতানসকে হারিয়ে লাহোর কালান্দার্সের ফাইনালে জায়গা করে নিতে রাখেন বড় অবদান। ৪ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নেওয়া রউফ এদিন শহীদ আফ্রিদিকে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ দেন।

কিন্তু পাকিস্তানের কিংবদন্তি তারকা আফ্রিদিকে এভাবে ফিরিয়ে তাৎক্ষণিক ক্ষমাও চেয়ে নেন রউফ!

২৭ বছর বয়সী ডানহাতি পেসার রউফ আফ্রিদি ছাড়াও শিকার বানান জিসান আশরাফ ও রাইলি রুশোকে। তবে আফ্রিদির উইকেটটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১৮৩ রান তাড়া করতে নেমে ১১৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে আসেন আফ্রিদি। ১৪তম ওভারে রুশোকে মাত্রই ফিরিয়েছেন রউফ। আফ্রিদি ক্রিজে এলেন। ৩৮ বলে তখন মুলতানের প্রয়োজন ৬৭ রান।

নিশ্চিতভাবেই মুলতান ভক্তরা তাকিয়ে অভিজ্ঞ আফ্রিদির ব্যাটের দিকে। কিন্তু রউফের ইনসুইং ডেলিভারিতে পুরোপুরি পরাস্ত হলেন আফ্রিদি। তার দুই পায়ের ফাঁক গলে সেটি আঘাত হানল উইকেটে। পর পর দুই বলে রুশো ও আফ্রিদিকে হারিয়ে মুলতানও যেন মুখ থুবড়ে পড়ল।

কিন্তু আফ্রিদির উইকেট ভাঙতেই হারিস রউফকে দেখা গেল দুই হাত ভাজ করে আফ্রিদির কাছে ক্ষমা চাইতে। উইকেটটি পেয়ে আসলে দারুণ উচ্ছ্বসিত ছিলেন রউফ।

পাকিস্তানের হয়ে ২টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলা রউফ ২০২০ সালে টি-টোয়েন্টি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। সপ্তম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি তার।

মঙ্গলবার পিএসএলের ফাইনালে লাহোর খেলবে করাচি কিংসের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত