গাজীপুরের টঙ্গীর পূর্ব থানা শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আলী (২৭), মো. মাসুদ(২৫), মো. মেহেদী হাসান (২২), মো. মিজানুর রহমান (২০) নামে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
রবিবার রাত সাড়ে ১১টায় পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেইট প্রিন্স টেনলার্স অ্যান্ড ফেব্রিক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক চারজন টঙ্গী মরকুন ও আমতলী এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, তারা সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই ও ডাকাতি করে আসছে।
র্যাব জানায়, আসামিরা অপরিচিত কেউ এলাকায় নতুন এলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই ও ডাকাতি করে এবং তাদের ছিনতাই ও ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদের অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে নিয়ে যায়।
