সাঁথিয়ায় মাছ ধরতে বাধা

ইজারাদারের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১২:০৫ এএম

পাবনার সাঁথিয়া উপজেলায় সরকারি জলাশয় থেকে খাস কালেকশনের ইজারা পাওয়া ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করে না পেয়ে মাছ ধরতে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে করমজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামের বিরুদ্ধে।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত সোমবার বিকেলে দেওয়া লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আরাজি আফড়া মৌজায় পালিদহ, কাটিয়াদহ, কাছুমগাড়ী, জিয়ালগাড়ী ও গরুচুনা এলাকার জলাশয় উপজেলা ভূমি অফিস থেকে গত ১৫ নভেম্বর এক বছরের মেয়াদে খাস কালেকশনের দায়িত্ব পান আফড়া গ্রামের রফিকুল ইসলাম। গত সোমবার কয়েকজনকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরতে গেলে আরিফুল ইসলাম তার ১৫-২০ জন সহযোগী নিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অস্ত্র নিয়ে ভয় দেখায় এবং হত্যার হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেয়।

জানতে চাইলে করমজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম বলেন, চাঁদা দাবির প্রশ্নই ওঠে না। ওরা জামায়াতের রাজনীতি করে বলেই আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান বলেন, তদন্তসাপেক্ষে ঘটনার সত্যতা পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত