কয়েকটা দিন মন খারাপ করে কাটানোর পর গতকাল থেকে মাহমুদউল্লাহ রিয়াদ খুব খুশি মানুষ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কাছাকাছি সময়ে পেয়েছেন জোড়া সুখবর। করোনো টেস্টে ‘পজিটিভ’ ছিলেন। গতকাল নতুন ফল ‘নেগেটিভ’ নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ নিজে। এদিকে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসান নয়, জেমকন খুলনার নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। ফ্র্যাঞ্চাইজিটি গতকাল আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছে।
কভিড-১৯ মুক্ত মাহমুদউল্লাহ
করোনা পজিটিভ হয়েছিলেন গেল সপ্তাহে। অথচ তার দিন কয়েক পর খেলতে যাওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের প্লে-অফ পর্বে। কিন্তু কভিড-১৯ টেস্ট করিয়ে মনটা খারাপ হয়ে যায়। পরপর দুদিন টেস্টে একই ফল : ‘পজিটিভ’। বাড়িতে আইসোলেশনে চলে যান। পিএসএলে আর খেলা হলো না। পরিবারের মধ্যে থেকেও একা হওয়ার কষ্ট খুব পেয়েছেন এই সময়ে। এরপর ১২ তারিখ বঙ্গবন্ধু প্লেয়ার্স ড্রাফটে জেমকন খুলনা দলে নেয় ১৫ লাখ টাকার মাহমুদউল্লাহকে।
গতকাল করোনা থেকে মুক্তির আনন্দ নিয়ে ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর কৃপায়, গতকাল (সোমবার) আমি করোনা টেস্টে ‘নেগেটিভ’ হয়েছি। এখন ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করব। আপনাদের সবার দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ মাঠে নামতে তর সইছে না মাহমুদউল্লাহর, ‘কাল (বুধবার) ইনশাআল্লাহ মাঠে ফিরব।’ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সোমবার টেস্টের পর রাতে ‘নেগেটিভ’ ফল আসার পর মাহমুদউল্লাহকে তারা মাঠে ফেরার ছাড়পত্র দিয়ে দিয়েছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হক এখনো আক্রান্ত। নির্বাচক হাবিবুল বাশারও। সংগঠক ও বিসিবি পরিচালক মাহবুব আনাম পজিটিভ হয়ে এখন হাসপাতালে।
সাকিবের অধিনায়ক মাহমুদউল্লাহ
করোনা পরিস্থিতির মধ্যে দেশে ক্রিকেট ফেরানো ৩ দলের ওয়ানডে টুর্নামেন্টে মাহমুদউল্লাহ একাদশ হয়েছিল চ্যাম্পিয়ন। নেতৃত্ব দিয়ে তলানি থেকে দলকে তুলে আনার অভিজ্ঞতা হয়েছে। খুলনার দলে বিপিএলে খেলা মাহমুদউল্লাহ এবার ৫ দলের বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের অধিনায়কও। গতকাল ফ্র্যাঞ্চাইজিটি ঘোষণা দিয়েছে, ‘এ বছর মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের দুজনকেই দলে পেয়ে আমরা খুশি। বাংলাদেশের জাতীয় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জেমকন খুলনাকে নেতৃত্ব দেবেন। এর আগে বিপিএলে তিনি তিনবার খুলনা টাইটান্সকে (জেমকনের দল) নেতৃত্ব দিয়েছেন।’ নেতৃত্ব পছন্দ করেন মাহমুদউল্লাহ। দীর্ঘদিনের অভিজ্ঞতা। করোনা টেস্টে নেগেটিভ হয়ে মুক্তির আনন্দের সঙ্গে খুলনার নেতৃত্ব পেয়ে আরও খুশি মাহমুদউল্লাহ গতকাল বলেছেন, ‘বিপিএলে খুলনা টাইটান্সের সঙ্গে তিন বছর খেলার সূত্রে জেমকনের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। ওখানে আমার ফেরাটা ঘরে ফেরার মতো।’
নিজের দল নিয়ে মাহমুদউল্লাহর ব্যাখ্যা, ‘দল খুব ভারসাম্যপূর্ণ। শফিউল, আল আমিন ও তরুণ হাসান মাহমুদকে নিয়ে দারুণ বোলিং আক্রমণ। এই অ্যাটাকে সাকিব ও রিশাদ হোসেন (লেগি) বাড়তি বৈচিত্র্য এনে দেবে।’ তিনি নিজেও সংক্ষিপ্ত ফরম্যাটে প্রয়োজনে বল করে থাকেন।
কুড়ি ওভারের ক্রিকেটে ব্যাটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ, সাকিবের মতো অভিজ্ঞরা তো আছেনই মিডল অর্ডারে। এছাড়াও যাদের নিয়ে খেলবেন তাদের নিয়ে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ, ‘এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব, জহুরুল ইসলাম ও আমার মতো অভিজ্ঞরা এখানে আছে। অনেক দিন ধরে একসঙ্গে খেলি আমরা। এই অভিজ্ঞতা ব্যাটিং লাইন আপে গভীরতা দেবে। আরিফুল হক, শুভাগত হোম অনেক ক্রিকেট খেলেছে।’
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জেমকন খুলনা খেলবে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে।
