বরযাত্রী আসার আগেই বিয়ে বাড়িতে উপস্থিত হল ভ্রাম্যমাণ আদালত। গায়ে হলুদের অনুষ্ঠান হলেও অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে বন্ধ করা হলো। একই সঙ্গে কনের বাবাকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা।
বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, ওই গ্রামের ভাষান মণি দাস তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাজির হয় বিয়ে বাড়িতে।
অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করার অপরাধে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন।
