চাঁদপুরে সিদ্দিকুরকে জমির বিরোধে খুন করেন চাচা

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:৫৩ পিএম

কুমিল্লায় যুবক সিদ্দিকুর রহমান হত্যার রহস্য উদঘাটন করেছে চাঁদপুর পিবিআই। জমি সংক্রান্ত ঘটনার জের ধরে গত ১০ নভেম্বর চাচা সারওয়ার আলম নৃসংশভাবে তাকে খুন করেন বলে পুলিশ জানিয়েছে।

পরে লাশ ড্রামে করে গুম করার উদ্দেশ্যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। রাতে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত ড্রামের মধ্য থেকে লাশ উদ্ধার করে।

বুধবার দুপুরে চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাড়িতে চলাচলের রাস্তার জায়গা নিয়ে ভাতিজা সিদ্দিকের সাথে চাচা সারোয়ার আলমের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় শালিশ বৈঠক হয়।

চলাচলের জায়গা না পেয়ে ক্ষোভে পরিকল্পিতভাবে চাচা সারোয়ার আলম স্ট্যাম্প দিয়ে পিটানো শেষে ছুরি দিয়ে সারা শরীরে কোপান। পরে গলা কেটে সিদ্দিকুরকে হত্যা করে লাশ শাহরাস্তির উয়ারুক বাজাার এলাকায় রাস্তার পাশে ফেলে রাখে।

এই ঘটনায় ইতোমধ্যে আসামি সারোয়ার আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সারোয়ার কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

নিহত সিদ্দিকুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত