রাঙ্গামাটিতে অটোরিকশাচালকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পৌর চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।
সমাবেশে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার ও সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, ১৫ নভেম্বর খাগড়াছড়ি থেকে ফেরার পথে রাঙ্গামাটির নানিয়ারচরের ১৯ মাইল নামক এলাকায় অটোরিকশা থামিয়ে চাঁদার টোকেন না থাকায় চালককে মারধর করে অটোরিকশা রেখে দেওয়া হয়। পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা।
বক্তারা আরও বলেন, ঘাগড়া-বড়ইছড়ি, মানিকছড়ি-মহলছড়ি ও আসামবস্তি-কাপ্তাই সড়কে চাঁদাবাজদের কারণে চালকরা গাড়ি চালাতে পারছেন না। তাই দ্রুত সময়ের মধ্যে ওই সব সড়কে পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি জানানো হয়।
