চুয়াডাঙ্গায় বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুুুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিট পুলিশিং কমিটি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন খোকন, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। এতে ডিআইজি মহিদ বলেন, চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার। ডাকাতির ঘটনা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। দু-এক দিনের মধ্যেই এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পেলে ফৌজদারি মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ডিআইজি মহিদ ডাকাতি হওয়া সোনালী ব্যাংক উথলী শাখা পরিদর্শন করেন। পরে পুলিশ লাইনসে জেলা পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
