যাত্রাবাড়ীতে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৩:৫৬ পিএম

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে একটি বাসায় কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

শুক্রবার বেলা ১২টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় কবরস্থান রোড ২০৫ নম্বর বাসার ৩য় তলায় এই ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় শারমিনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শারমিনের খালাতো বোন মোসা. আফরোজা আক্তার জানান, তিন বছর আগে পিকআপভ্যান চালক রমজান আলীর সঙ্গে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর যাত্রাবাড়ী কুতুবখালীতে স্বামীর বাসায় থাকতেন তিনি।

গত বছর তাদের একটি বাচ্চা হলেও ৪দিন পর বাচ্চাটি মারা যায়। তার স্বামী রমজান মাদকাসক্ত ছিলেন। স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের কারণে গত কয়েক মাস ধরে শারমিন ধোলাইপাড় তার বাবা আ. মান্নান ও মা নিলুফা বেগমের সঙ্গে থাকতেন।

তিনি আরও বলেন, সাংসারিক কারণে শারমিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই কারণে আজ দুপুরে বাবা-মা বাইরে গেলে একা বাসায় গায়ে কেরোসিন ঢেলে নিজেই আগুন ধরিয়ে দেয় সে। পরে আশপাশের ভাড়াটিয়ারা দেখতে পেয়ে তাকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শারমিনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত