ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা। দাবি মানা না হলে আগামী ২৪ নভেম্বর গণভবন অভিমুখে কাফনের কাপড় পরে ‘জিন্দা লাশ মিছিল’ করার ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া, আগামী ২২ নভেম্বর শ্রম মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করারও ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের পক্ষ থেকে জরিনা বেগম এসব কর্মসূচির ঘোষণা দেন।
গতকাল শুক্রবার বিকেলে কর্মসূচির ৬৪তম দিনে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়েছেন বিভিন্ন প্রগতিশীল সংগঠন। সংহতি সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইন সংশোধন করে দ্রুত শ্রমিকদের দাবি মেনে নিতে হবে। বিশেষ করে অক্ষম শ্রমিকদের সারা জীবনের সম্ভাব্য আয়ের সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।
