আখচাষি বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখ চাষি ও শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আখচাষি ও করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন।
সমাবেশে মৌচিক আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শ্রমিক নেতারা।
এ সময় বক্তারা চিনিকল রক্ষায় সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। পরে মিল চত্বরে আখচাষি ও শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন।
