শেষকৃত্যের দিন হেঁটে বাড়ি ফিরলেন করোনায় ‘মৃত’

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৪:১৬ পিএম

শেষকৃত্য (শ্রাদ্ধ) অনুষ্ঠানে ব্যস্ত পরিবার। আত্মীয় স্বজনও আসতে শুরু করেছে। গোটা বাড়িতে স্বজন হারানোর শোক। এমন সময় হঠাৎ ফোন বাজল। ওপাশ থেকে বলতে শোনা গেল, ‘আপনার রোগী সুস্থ হয়েছে, অ্যাম্বুলেন্সে বাড়ি পাঠানো হচ্ছে!’

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যানার্জি পরিবারের। শিবনাথ ব্যানার্জি নামের এক করোনা রোগীকে ঘিরে এসব ঘটেছে।

খড়দহ থেকে বারাসাতের হাসপাতালে ১১ নভেম্বর ভর্তি করা হয় শিবনাথকে। ১৩ নভেম্বর হাসপাতাল থেকে বলা হয় মৃত্যু হয়েছে শিবনাথের। কিন্তু করোনা বিধি মেনে দূর থেকে দেখানো হবে মৃতকে, হাসপাতালের তত্ত্বাবধানে দাহ করা হবে। সেটাই করা হয়।

একই হাসপাতালে মোহিনী মোহন গোস্বামী নামের আরেকজন ভর্তি ছিলেন। তার পরিবারকে ফোন করে হাসপাতালটি জানায়, তাদের রোগী ভাল হচ্ছে। রোজই ফোন করে খবর নেয় পরিবার। ফোনের ওপার থেকে প্রত্যেকবারই জানানো হয়, রোগী একটু একটু করে ভালো হচ্ছে।

হাসপাতালের ভুলটা এখানেই। করোনায় মারা যান মূলত মোহিনী মোহন গোস্বামী। কিন্তু ফোন ডায়েরি থেকে যে নম্বরে বলা হয়, রোগী মারা গেছে, সেটি ছিল ব্যানার্জি বাড়ি।

এভাবে শিবনাথ ব্যানার্জির বাড়ি শেষকৃত্যের দিন পর্যন্ত জানতো যে তিনি মারা গেছেন।

ঘটনার পর মৃত্যু-বিভ্রাট নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৩ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত