খালিয়াজুরীতে প্রতিপক্ষের ঘুষিতে যুবক নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৮:২৯ পিএম

নৌকাতে জমানো পানি সেচার সময় পানি ছিটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় চাকুয়া ইউনিয়নে লেপসিয়া বাজার মাছের আড়তে এ ঘটনা ঘটে।

নিহত শায়েস্তা তালুকদার (৩২) একই ইউনিয়নের বল্লি গ্রামের হাকিম তালুকদারের ছেলে এবং তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার হাটের দিন থাকায় বেলা সাড়ে ১২টার দিকে নিহত শায়েস্তা তালুকদার নিজ গ্রাম থেকে নৌকা করে লেপসিয়া বাজার ঘাটে আসে। নৌকা ঘাটে ভিড়ানোর সময় পাশের আরেকটি নৌকা একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের সমাজ আলীর ছেলে হানিফ মিয়া (২৫) নৌকাতে জমানো পানি সেচ করছিল। পানি ছিটা লাগাতে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

নিহত শায়েস্তা লেপসিয়া বাজার মাছের আড়তে আসলে প্রতিপক্ষ হানিফ, তার বড় ভাই আশরাফুল (২৮) ও কয়েকজন মিলে শায়েস্তাকে মাথায় ঘুষি দেয়। এতে মাথার পেছনের অংশ দোকানে সাঁটারের হুকে লেগে ঘটনাস্থলে শায়েস্তা তালুকদার মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত