আশুলিয়ায় জঙ্গলে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১২:৪৩ পিএম

আশুলিয়ায় নিখোঁজের ১০ দিন পর একটি জঙ্গল থেকে সোহেল মিয়া (১৯) নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল মিয়া পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুঞ্জলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

তিনি আশুলিয়ার গৌরিপুর এলাকার এনামুলের বাড়িতে ভাড়া থেকে জামগড়া এলাকায় পলমল নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আটক সজিব বগুড়া জেলার শাহজাদপুর থানার দুরুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ দিন আগে সোহেল মিয়া নিখোঁজ হলে তার ভাই আশুলিয়া থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। পরে তদন্তে নামে পুলিশ। তদন্তের এই পর্যায়ে আশুলিয়ার টঙ্গাবাড়ির একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সাথে জড়িত থাকায় সজিব মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। দুইজন মিলে সোহেল মিয়াকে হত্যা করেছে বলে আটকের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে। অপরজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত