বুড়িমারীতে জুয়েলকে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৮:২৮ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় আবু কালাম ওরফে গামছা কালাম (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় করা তিন মামলায় মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হলো।

রবিবার সকালে কালামকে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৩) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সে পাটগ্রাম উপজেলার বামনদল এলাকার পাতলা দেওয়ানির ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) জানায়, গত শনিবার পাটগ্রামের বামনদল এলাকা থেকে আবু কালামকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত রাসেল ইসলাম রাজ ওরফে বিশুকে (২২) ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রবিবার লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৩) আদালতের বিচারক ফেরদৌসী বেগম এই রিমান্ড আদেশ দেন। জুয়েল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় বাজার জামে মসজিদে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে স্থানীয়রা। এ সময় পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০ পুলিশ সদস্য আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত