কেরানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১০:১৯ পিএম

রাজধানীর কেরানীগঞ্জে সাহেরা খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বরিশুরের মাদারীপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে সাহেরা আত্মহত্যা করেছে।

তবে ওই গৃহবধূর বাবার অভিযোগ, শাশুড়ি তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

সাহেরার বাবা মো. আলী বলেন, সাত বছর আগে সাহেরার সঙ্গে সিমেন্ট ব্যবসায়ী ফয়েজ হোসেন হৃদয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে বনিবনা হতো না তার। প্রায় দিনই শাশুড়ি ছোটখাটো বিষয় নিয়ে তাকে মানসিক নির্যাতন এবং ঝগড়া করত। রবিবার সকালে সাহেরার শ্বশুরবাড়ির এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি সে নাকি আত্মহত্যা করেছে। আমি এটা কখনো মানি না। আমার মেয়ে আত্মহত্যা করার মতো না। ওকে ওর শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেছে। হৃদয় শনিবার রাতে বাসায় ছিল। অথচ তারা বলছে ও নাকি তাবলিগ জামাতে ছিল। ওরা মেয়ের মৃত্যুর খবরটা পর্যন্ত দেয়নি। পুলিশ আসার আগেই তারা ঘরের দরজা খুলেছে।

সাহেরার স্বামী হৃদয় বলেন, শনিবার আমি তাবলিগ জামাতে ছিলাম। সাহেরার সঙ্গে রাত ১১টায় কথা হয়। সাহেরা তখন আমাকে জানায়, মায়ের সঙ্গে নিচতলার এক ভাড়াটিয়ার ছোট বাচ্চাকে নিয়ে তার কথা কাটাকাটি হয়েছে। তখন সাহেরা ও মাকে বোঝানোর চেষ্টা করি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মা ফোনে সাহেরার আত্মহত্যার বিষয়টা জানালে দ্রুত বাসায় আসি। মাঝে মাঝে মায়ের সঙ্গে ঝগড়া হলেও এত ছোট ঘটনায় সাহেরা আত্মহত্যা করবে এটা বুঝতে পারিনি, বলেন হৃদয়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই শ্যামল কুমার নন্দী জানান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত