পাবনায় বালুদস্যুদের বিরুদ্ধে সেতু ভাঙার অভিযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১২:০০ এএম

পাবনায় ভেকু মেশিন (এক্সকেভটর) দিয়ে সেতু ভাঙার অভিযোগ উঠেছে বালুদস্যুদের বিরুদ্ধে। গত শনিবার গভীর রাতে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া গ্রামের একটি ব্যস্ত সড়কের ওই সেতু ভেঙে দিয়েছে তারা। সেতুটি প্রায় ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম।

এলাকাবাসীর অভিযোগ, পদ্মা নদীর চরতারাপুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ওই গ্রামে মজুদ করে রেখেছে বালুদস্যুরা। এসব বালু বড় বড় ড্রাম ট্রাকের মাধ্যমে তারা বিভিন্ন স্থানে সরবরাহ করে। সম্প্রতি ওই সড়ক এবং সেতু মেরামত করার পর থেকে এলাকাবাসী সড়কটি দিয়ে বড় ট্রাক চলাচলে বাধা দিয়ে আসছিল। এতে ক্ষুব্ধ হয়ে রাতে বালুদস্যুরা ভেকু দিয়ে সেতুটি ভেঙে দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু ও তার সহযোগীরা একাধিকবার এই সড়ক দিয়ে ড্রাম ট্রাকে করে বালু নিয়ে বিক্রির চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে ট্রাক চলাচল করতে না পারায় ভেকু দিয়ে সেতুটি ভেঙে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর মোবাইল ফোনে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া গেছে। 

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে দেখেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে। তবে রাতের অন্ধকারে সরকারের উন্নয়নকাজের যারা এভাবে ক্ষতি করেছে, সে যে-ই হোক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত। তবে তিনি কারও নাম উল্লেখ না করলেও বালু ব্যবসায়ীদের সবাই চেনেন বলে মন্তব্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত