জাবি শিক্ষক ও কবি হিমেল বরকতের মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০১:৪৮ এএম

চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও কবি হিমেল বরকত (৪২)। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার বেলা ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সোমবার বাগেরহাটের মোংলার মিঠাখালীর নিজ বাড়িতে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে তার ভাই সুমেল সারাফাত। তার মৃত্যুতে স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্মৃতিচারণ করে শোক জানান অনেকে। হিমেল বরকত জনপ্রিয় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।

জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সময় হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।’

গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের টেনিস ক্লাবে আরেক দফা জানাজা শেষে বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে নিয়ে যাওয়া হয়।

হিমেল বরকত ১৯৭৮ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ও পরবর্তী সময়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চোখে ও চৌদিকে’, ‘প্রান্তভাবনা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত