বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের মিশন শুরুর আগে দল নিয়ে আশার কথা শোনালেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার কাছে চট্টগ্রাম দলটা বেশ ভারসাম্যপূর্ণ। মিঠুনের বিশ্বাস, নিজ নিজ দিনে তার দলের সবাই ম্যাচ জেতাতে পারে। এমনকি মোস্তাফিজুর রহমানও এক বলে ছক্কা মেরে ম্যাচ জেতাতে পারেন বলে বিশ্বাস তার।
বৃহস্পতিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে চট্টগ্রাম। তার আগে বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির অধিনায়ক মিঠুন।
নিজ দল নিয়ে বেশ খুশি মিঠুন, ‘আলহামদুলিল্লাহ, আমি আমার দল নিয়ে অনেক খুশি। আমরা একটা ব্যালেন্সড সাইড। এখন মাঠে প্রমাণ করতে হবে আমরা দল হিসেবে কতটা ভালো। আমি মনে করি যে আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, আমাদের যে টিম, ইতিবাচক ফলাফলই আশা করছি।’
চট্টগ্রামে মিঠুন ছাড়াও রয়েছে এক ঝাঁক জাতীয় দলের তারকা। মুমিনুল হক, লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলামরা রয়েছেন দলটিতে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ও তরুণ মুখও রয়েছেন, যারা পারফরর্মার।
তবে মিঠুন নির্দিষ্ট এক-দুজনের ওপর নির্ভর করতে নারাজ। বলছিলেন, ‘কোনো একজনের ওপর আশা করছি না। যার যার দিনে সে সে ম্যাচ জেতাবে। কোনোদিন আমি জেতাতে পারি, কোনোদিন মোস্তাফিজও ম্যাচ জেতাতে পারে।’
এমন কি এক বলে ৬ রান প্রয়োজন, এমন সময় ছক্কা মেরে মোস্তাফিজ ম্যাচ জেতাতে পারে বলে বিশ্বাস মিঠুনের। বলেন, ‘ইভেন এক বলে ছয় মেরে ম্যাচ জেতাতে পারে, সে সক্ষমতা তার (মোস্তাফিজ) আছে। আমার কাছে সব খেলোয়াড় সমান গুরুত্বপূর্ণ। যার যার দিনে সে সে জেতাবে।’
