ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পাওয়ারটিলার সংঘর্ষে নিহত ৩

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০৮:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজয়নগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পাওয়ারটিলারের তিন আরোহী মারা যান। এ দুর্ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত