ম্যারাডোনা ভক্তদের বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৪:০৫ এএম

ভক্তদের শেষ শ্রদ্ধার সুযোগ করে দিয়ে ডিয়েগো ম্যারাডোনার মরদেহ রাখা হয় বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয়- কাসা রোসাদা প্রাসাদে। তবে প্রসাদের বাইরে এক পর্যায়ে ভক্তরা বিশৃঙ্খল হয়ে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

প্রেসিডেনশিয়াল প্যালেসের ভেতরের একটা অংশ ভক্তরা দখল করে নিলে নিরাপত্তার সার্থে কর্তৃপক্ষ ম্যারাডোনার কফিন অন্য একটি রুমে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়, শেষ শ্রদ্ধার জন্য আরো তিন ঘণ্টা সময় বাড়ানো হবে।

সকাল থেকেই হাজার হাজার মানুষ ম্যারাডোনার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন। অনেকের চোখেই ছিল জ্বল। কেউ ফুল হাতে, কেউ বিশ্বকাপ জয়ী তারকার ১০ নম্বর জার্সি পরে এসেছিলেন।

তবে বেলা বাড়ার সাথে সাথে প্রেসিডেনশিয়াল প্যালেসের বাইরে ভক্তরা অধৈর্য হতে থাকেন। তারা স্লোগান দিতে থাকেন। সরকারের বরাত দিয়ে এএফপি জানায়, নিরাপত্তার সার্থেই তখন ম্যারাডোনার কফিন অন্য রুমে সরিয়ে নেওয়া হয়।

এ সময় প্রসাদের বাইরে পুলিশের সাথে ম্যারাডোনা ভক্তদের সংঘর্ষ হয়, গ্রেপ্তারের ঘটনাও ঘটে।

বুধবার হার্ট অ্যাটাকে মারা যান ম্যারাডোনা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যারাডোনাকে সমাহিত করা হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে জারদিন দে পাজ সমাধিক্ষেত্রে বাবা-মার কবরের পাশে সমাহিত হবেন ম্যারাডোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত