নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১২:১৮ পিএম

নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে কবির নিজ এলাকা নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গায় শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, স্মরণযাত্রা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বাহিরডাঙ্গা মন্দির চত্বর থেকে থেকে এ উপলক্ষে একটি স্মরণযাত্রা বের হয়। স্মরণযাত্রাটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে কবির সমাধি চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় স্মৃতিরক্ষা পরিষদসহ এলাকাবাসী কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে সমাধি চত্বরে কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক গোলক চন্দ্র বিশ্বাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবাস বিশ্বাস, মহিতোষ সিংহ, কবি পুত্র বিজন বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, স্বভাব কবি বিপিন সরকার ৮টি কাব্য গ্রন্থ, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পালা গান, ১ হাজারের বেশি কবিতা, ১ হাজার হালুই গান, ২ শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন।

নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই স্বভাব কবির যাত্রা পালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার  মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

বাংলা ১৩৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর এলাকার বাহিরডাঙ্গা গ্রামে এই কবি জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত