রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় নাসরিন আক্তার (২৮) নামে এক পথচারী নিহত ও শিপন (২৫) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, কুমিল্লার মুরাদনগরে উপজেলার ধনপতিখোলা গ্রামের সৌদি আরব প্রবাসী মোস্তফা মিয়ার মেয়ে নাসরিন। গার্মেন্টস ব্যবসায়ী স্বামী মো. সিদ্দিকুর রহমান সুমন, এক ছেলে, এক মেয়েসহ তুষার ধারা এলাকায় থাকতেন তিনি। নাসরিন বাসাতেই সেলাই মেশিনের কাজ করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বান্ধবী জান্নাতুল ফেরদৌস জানান, তারা বিকেলে শনিরআখড়া এলাকায় যান নাসরিনের সেলাই মেশিনটি মেরামত করতে। মেরামত শেষে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন তারা। সাদ্দাম মার্কেটের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তারাসহ আরো বেশ কয়েকজন। এক পাশের রাস্তা পার হয়ে মাঝখানের আইল্যান্ডে দাঁড়ান তারা। নাসরিনের হাতে সেলাই মেশিনটিও ছিলো। গাড়ির চাপ কিছুটা কম দেখে পরে আবার বাকিটুকু পার হতে গেলে নারায়ণগঞ্জগামী তিশা পরিবহনের দ্রুতগতির একটি বাস তার ওপর উঠে যায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদশর্ক (এসআই) মো. আব্বাস জানান, সন্ধ্যায় চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি বাসচাপায় মোটরসাইকেল চালক ও ওই পথচারী নারী আহত হন। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর নাসরিনকে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
আর মাথায় ও পায়ে আঘাত পাওয়া মোটরসাইকেল চালক শিপন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোটরসাইকেল চালক শিপন সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন।
