মান্নাদের জলসাঘরে গেয়ে ভাইরাল খুলনার কাঠমিস্ত্রি

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৭:৫০ পিএম

হাতে করাত। পরনে গামছা। কণ্ঠে যা, তা অমূল্য। খুলনা জেলার চালনা এলাকার পার্শ্ববর্তী হালিয়া গ্রামের কাঠমিস্ত্রি আনন্দ রায় সেই ‘অমূল্য সম্পদের’ মালিক। সুর।

কিংবদন্তি শিল্পী মান্নাদের ‘আমি যে জলসাঘরে’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন দুই সন্তানের পিতা আনন্দ।

আনন্দকে খুঁজে বের করেছে মূলত লোকজ টিভি নামের একটি ইউটিউব চ্যানেল।

চ্যানেলটিতে আনন্দর বেশ কয়েকটি গান দেখা গেছে। জলসাঘরে গানটি প্রকাশ করা হয় গত মে মাসে। কিন্তু ফেইসবুকে ভাইরাল হয়েছে দুই দিন আগে।

কামরুল হাসান খান নামের এক ফেইসবুক ব্যবহারকারী লোকজ টিভির ভিডিওটি ডাউনলোড করে নিজের টাইমলাইনে পোস্ট করতেই ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখ পর্যন্ত আড়াইশোর বেশি বার শেয়ার হয়েছে। ইউটিউবে দেখা হয়েছে প্রায় দেড় লাখবার।

অনিমেষ চক্রবর্তী নামের এক ফেইসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘আহ! বিশ্বাস করেন, আমি আপনার সাথে কাঠমিস্ত্রির কাজ করেই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি।’

লোকজ টিভির পরিচালক শুভ ডিএস শনিবার দেশ রূপান্তরকে বলেন, ‘আনন্দ রায়ের বাড়ি খুলনা শহর থেকে ৫০ কিলোমিটার ভেতরে। সজল নামের এক ছোট ভাইয়ের কাছ থেকে আমি ওনার খবর পাই। তারপর একদিন বাইক নিয়ে চলে যাই।’

শুভ জানান, ভারত-ফ্রান্স এবং আমেরিকার মতো দেশ থেকে বাঙালি প্রবাসীরা তাকে ফোন করে আনন্দর খবর নিচ্ছেন।

এই প্রতিবেদক শুভর কাছে আনন্দর ফোন নম্বর চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘কী বলব। ওনার নিজের একটা ফোনও নেই। কোনো তহবিল পেলে ওনাকে গান শোনার জন্য একটা ফোন কিনে দিতাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত