বালু পরিবহনে নদীর ওপর কাউন্সিলরের রাস্তা নির্মাণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০১:৫১ এএম

রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী নগরের তালাইমারী এলাকায় পদ্মা নদীতে ইট-সুরকি ফেলে রাস্তা তৈরি করছেন। বালুমহালের ইজারাদার ওই কাউন্সিলর নদী থেকে উত্তোলন করা বালু পরিবহনের জন্য গত মঙ্গলবার থেকে এই রাস্তা তৈরির কাজ শুরু করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা প্রশাসনের নজরে এলে গতকাল শনিবার রাস্তা নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

নগরের তালাইমারী ঘাটের অদূরে পদ্মা নদীর চর জেগেছে। নদী থেকে বালু তুলে ওই চরে মজুদ করা হচ্ছে। সেখান থেকে সরাসরি ট্রাকে করে বালু আনতে পদ্মা নদী ভরাট করে রাস্তা তৈরি করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গত বছর একইভাবে নদী ভরাট করে রাস্তা করা হয়েছিল। এলাকাবাসী ও পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে গত বছর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন তালাইমারী ঘাট দিয়ে বালু পরিবহন বন্ধ করে দিয়েছিল। তখনকার ইজারাদারকে রাস্তা অপসারণ করতে বাধ্য করা হয়েছিল। হাইকোর্টের সেই আদেশ বলবৎ থাকলেও আবার একই কাজ করা হচ্ছে।

কাউন্সিলর রজব আলী বলেন, ‘চর থেকে বালু তুলে নিয়ে আসার জন্য একটা রাস্তা তৈরি করছি। সেখানে এখন নদী নেই।’ তিনি কোনো অনিয়ম করছেন না বলে দাবি করেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর শনিবার সংশ্লিষ্ট ইজারাদারকে রাস্তা নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাস্তার জন্য যে মাটি বা ইট-সুরকি ফেলা হয়েছে, সেগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত