সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে সড়কের পাশে খেলার সময় রবিবার সকালে ট্রাকের ধাক্কায় সোহান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সোহন ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী চালক সহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতরা হল, ড্রাইভার জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেন।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৮টার দিকে শিশু সোহান পার-জামিরতা নানা বাড়ি বেড়াতে গিয়ে সড়কের পাশে খেলা করছিল। এ সময় ট্রাকটি শিশু সোহানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকসহ ড্রাইভার-হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে নিহতর নানা নিজাম উদ্দিন জানান, এ দিন সকালে মায়ের সঙ্গে শিমু সোহান তার বাড়িতে বেড়াতে আসে। এরপর সবার অযান্তে সে সড়কের ওপর খেলতে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান,নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
