আপত্তিকর ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে হারুন অর রশিদ ওরফে সীমান্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গত শনিবার রাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘ভিকটিম রাজধানীর উত্তরায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে অনার্স পড়ার সময় তার সহপাঠী সীমান্তের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১২ সালের ৩০ জুলাই ভিকটিমকে সীমান্ত মোহাম্মদপুরের বাসায় নিয়ে যান। সেখানে ভিকটিমের মতের বিরুদ্ধে নানা কৌশলে আপত্তিকর ছবি তোলেন এবং বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করে নেন। সম্মান ক্ষুণœ ও লেখাপড়া বন্ধ হওয়ার ভয়ে বিষয়টি গোপন রাখেন ভিকটিম। ওই বছরের ২৭ সেপ্টেম্বর নোটারি পাবলিক চট্টগ্রামের সদর থেকে হলফনামার মাধ্যমে সীমান্তকে তালাক দেন তিনি। পরে সীমান্ত ভিকটিমের স্বজনের মোবাইল ফোনে তার সেই আপত্তিকর ছবি পাঠান। ভিকটিমের কাছে বিভিন্ন সময় টাকা দাবি এবং বিভিন্ন অশ্লীল ছবি দিয়ে ফেইসবুক আইডি খুলে তা প্রচার করতে থাকেন সীমান্ত।’
×
