চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:৪৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের মালিক মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারকে (৬৪) কুপিয়ে জখম করার ঘটনায় উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগ নেতা সৈয়দ মশিউর রহমান শিমু, স্ত্রী খাদিজা আক্তার এলিজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে রাতে মুক্তিযোদ্ধার স্ত্রী শিমুকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ ও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। আহত মুক্তিযোদ্ধার বাড়ি চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে।

জানা গেছে, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের কার্যালয়ে মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে আমতলী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা শাহ আলমের ছেলে সিদ্দিকুর রহমান জানান, টিয়াখালী ইউপি চেয়ারম্যান শিমু বাহিনীর সন্ত্রাসীরা তার বাবার কাছে চাঁদা চেয়েছিল। চাঁদার টাকা না দেওয়ায় স্থানীয় জহিরুল, সবুজ, খলিল, রুবেলসহ ১৫-২০ সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে।

চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির কেরামত হাওলাদার দাবি করেন, চেয়ারম্যান শিমু মিরার ভাইয়া বাহিনী শান্ত চাকামইয়া ইউনিয়নকে অশান্ত করে দিয়েছে। শিমুর স্ত্রী বিএনপি নেত্রী এলিজার রয়েছে নিজস্ব আরও একাধিক সন্ত্রাসী বাহিনী।

এদিকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান শিমুর মুক্তির দাবিতে তার অনুসারীরা সোমবার সকালে কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে মিছিলকারীরা কলাপাড়া থানার সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড শুনানি ৬ ডিসেম্বর। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি মোস্তাফিজুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত