করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী আরেক দেশে উড়াল দিলেন। দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ইসোয়াতিনি সরকারের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়।
১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ডিলামিনি ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
সেসময় তিনি বলেছিলেন, তার মধ্যে কোনো উপসর্গ ছিল না এবং বাসায় আইসোলেশনে আছেন।
তবে করোনামুক্ত হতে তিনি বেছে নিলেন প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকাকে।
মঙ্গলবার ইসোয়াতিনির উপ-প্রধানমন্ত্রী থেমবা মাসুকু জানান, প্রধানমন্ত্রী ডিলামিনির অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন। তবে দ্রুত করোনা মুক্ত হতে তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ। ইসোয়াতিনির প্রায় ২৬ শতাংশ মানুষ এইচআইভিতে আক্রান্ত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৪৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২২ জন।
