দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দিপালী দেবনাথ (২৫) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে টেক্সটাইল সড়কে ওমর ফারুক ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিপালী দেবনাথ উপজেলার আঙ্গারপাড়া গ্রামের জুগীপাড়া এলাকার দুলাল দেবনাথের স্ত্রী। তাদের ৫ ও ২ বছর বয়সের দুই রয়েছে।
দিপালী নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রীন শাখার গোল্ড টাইমিং কোম্পানির কর্মী ছিলেন।
এ ঘটনায় কনিকা দেবনাথ নামে এক ইপিজেড কর্মী গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোভ্যানযোগে ইপিজেড কর্মীরা নীলফামারী উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। পথে ওমর ফারুক ফিলিং স্টেশন এলাকায় এক কর্মীর ওড়না চাকায় ঢুকে যায়।
অটোভ্যান থামিয়ে ওড়না ঠিক করা সময় খানসামা থেকে টেক্সটাইলগামী এক বালু ভর্তি ট্রাক্টর অটোভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ইপিজেড কর্মী দিপালী মারা যান। আহতদের উদ্ধার করে পাকেরহাট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য এক কর্মীকে দিনাজপুরে পাঠানো হয়েছে।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
