রাবিতে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি শিক্ষার্থীদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৩:৫১ পিএম

স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল ১১টায় একই দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে ‘খুলে গেছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষার হল’, ‘ইন্টার পাসেই জীবন শেষ সেশনজটের বাংলাদেশ’, অতি দ্রুত পরীক্ষা চাই পরীক্ষা ছাড়া উপায় নাই’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

প্রশাসন ভবনের সামনে প্রায় পনেরো মিনিট অবস্থান করে শিক্ষার্থীরা।

এ সময় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কিছু বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আটকে যায়।

এমতাবস্থায় দীর্ঘ সেশন জটে পড়তে হয় আমাদের। সম্প্রতি বিসিএসসহ বেশ কিছু সরকারি, বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা তাতে আবেদন করতে পারছি না। এতে করে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। তাদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই এ বিষয় নিয়ে আলোচনায় বসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত