চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ডায়নামো কিয়েভকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস। ৩ গোলে জয়ের ম্যাচে নতুন কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা নিজের ক্যারিয়ারে করলেন ৭৫০তম গোল। জুভেন্তাসের হয়ে ৭৫।
এই ম্যাচেই প্রথমবারের মতো নারী রেফারি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করে ইতিহাস লিখেছেন স্টেফানি ফ্র্যাপার্ট।
নিজের ফুটবল ক্যারিয়ারে আরেক মাইলফলক স্পর্শ করে রোনালদো বৃহস্পতিবার সকালে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন তার সকল সতীর্থ এবং কোচদের।
তিনি লেখেন, ‘৭৫০ গোল, ৭৫০ আনন্দের মুহূর্ত, ৭৫০ বার হাসি সমর্থকদের মুখে। আমার সব সতীর্থ এবং কোচদের ধন্যবাদ, আমাকে এই সংখ্যায় পৌঁছতে সাহায্য করার জন্য। ধন্যবাদ আমার প্রতিপক্ষদের, যারা আমাকে আরও কঠিন পরিশ্রম করতে বাধ্য করেছে।’
তুরিনে এই ম্যাচ রোনালদোর জন্য যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি স্মরণীয় হয়ে থাকবে স্টেফানি ফ্র্যাপার্টের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম ম্যাচ পরিচালনা করলেন একজন নারী রেফারি।
ফ্রান্সের রেফারি ফ্র্যাপার্ট এর আগে মেয়েদের বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন। সুপার কাপে লিভারপুল বনাম চেলসি ম্যাচেও দেখা গিয়েছিল তাকে।
