নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠের লড়াইয়ে ফিরেছেন সাকিব আল হাসান। জেমকন খুলনার হয়ে খেলা এই অলরাউন্ডার বল হাতে ভালোই করছেন। তবে ব্যাটিংটা মোটেও ভালো হচ্ছে না তার। তবে সাকিব দ্রুতই ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন বিসিবির অন্যতম পরিচালক ও বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম পর্ব শেষ হয়েছে। খুলনার ৪ ম্যাচেই খেলেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন মাত্র ৪১। প্রথম দুই ম্যাচ তিন নম্বরে ব্যাট করেছেন। শেষ দুই ম্যাচ খেলেছেন ওপেনার হিসেবে। অর্থাৎ ব্যাটিংয়ের যথেষ্ট সুযোগ থাকলেও কাজে লাগাতে পারছেন না।
সুজন বলছেন, ‘সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরল। সাকিব তো সাকিবই। নাম্বার ওয়ান অলরাউন্ডার। এখনো ব্যাট হাতে সাকিবকে সেভাবে দেখিনি। আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়, সারা বছরেরই সে পারফর্মার…। সে কামব্যাক করবে।’
বোলিংটা ভালো হচ্ছে। যদিও ৪ ম্যাচে উইকেট ২টি। তবে তার ইকোনমি ছিল দারুণ। আর এটাকেই সাকিবের ছন্দে ফেরার লক্ষ্য মনে করছেন সুজন।
তার কথায়, ‘হয়তো সময় নিচ্ছে। অনেকদিন পর বলে হ্যান্ড বাই কর্ডিনেশনের ব্যাপারটা থাকছে। আমি মনে করি সে কামব্যাক করবে।’
