রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কাটাখালী এলাকায় কর্ণফুলী নদীর চরে আটকা পড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ।
গ্রামের লোকজন সকালে চরে আটকে পড়া অজ্ঞাত পরিচয়ের লাশ দেখতে পেয়ে সংবাদ দিলে থানার পুলিশ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব মিলকি জানান, উদ্ধারকৃত লাশের পড়নের লুঙ্গিতে জড়ানো একটি পাহাড়ি মদের একটি বোতল পাওয়া গেছে। লোকটি মাদকাসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। সে মাতাল অবস্থায় গত মঙ্গলবার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হয় বলে সংবাদ নিয়ে জানা গেছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চন্দ্রঘোনা কদমতলী ইউপি সদস্য আব্দুল মালেক জানান, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (৩৮)। সে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় মদ্যপায়ী অবস্থায় ফেরির পল্টুন থেকে সে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়।
