ঢাকার ধামরাইয়ে নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪৫) নামে এক কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিয়ের নিবন্ধনের কাজ করে আসছিলেন।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাকশ্রমিক ভুক্তভোগী ওই নারীর সঙ্গে প্রায় এক বছর আগে তার স্বামীর বিচ্ছেদ হয়। ৮ মাস আগে ওই নারী ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে সম্পাদনকারী কাজি ইউসুফ পরে কাবিননামায় দেনমোহরের টাকা বৃদ্ধি করে দেবেন বলে প্রলোভন দেখান। গত ৯ নভেম্বর সন্ধ্যায় ভুক্তভোগীকে কাবিননামা ১ লাখ থেকে ৩ লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নেন। প্রথমে অনৈতিক প্রস্তাব দিলে রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে ইউসুফ।
