চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ (৮১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কিডনি রোগে আক্রান্ত প্রফুল্ল সিংহের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল। চট্টগ্রামের রাউজানের শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিংহ ইম্পেরিয়াল হাসপাতাল পরিচালনা গভর্নিং বডির সদস্য ছিলেন।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন প্রফুল্ল। সাকা চৌধুরীকে দণ্ড নিয়ে ফাঁসিতে ঝুলতে হয়েছিল।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে যে কয়টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মধ্যে রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয় ও কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যাও রয়েছে। ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে রাউজানের গহিরার কুণ্ডেশ্বরীতে নিজ বাড়ির মন্দিরের সামনে হত্যা করা হয় দানবীর নূতন চন্দ্রকে।
রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের চার অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১ ডিসেম্বর ছিল শহীদ নূতন চন্দ্র সিংহের ১২০তম জন্মবার্ষিকী। এর একদিন পরই ছেলে প্রফুল্ল মারা গেলেন।
রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত জানান, প্রফুল্ল সিংহের সৎকারের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবার সিদ্ধান্ত নিলে তা জানানো হবে।
