মাদারীপুরে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর ছাই

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৮:৪৭ এএম

মাদারীপুরে অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আশ্রয়ণ প্রকল্পের রিজিয়ার বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে।

তবে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ততক্ষণে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে কোনো মানুষ আহত না হলেও ২০ লাখ টাকার আসবাবপত্রসহ বসতঘরের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মুহসিন উদ্দিন জানান, বিকেলে দিকে আশ্রয়ণ প্রকল্পের রিজিয়ার বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে। এতে ১০টি ঘর পুড়ে গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত