তালেবান যোদ্ধার কৃত্রিম পায়ে বিয়ার পান অস্ট্রেলীয় সেনার!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০২:৩১ পিএম

অস্ট্রেলিয়া নিজেদের সেনাদের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে। এ নিয়ে আলোচিত তদন্ত প্রতিবেদন প্রকাশের দেড় সপ্তাহ পর একটি ছবি তোলপাড় ফেলে দিয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে, নিহত হওয়া এক তালেবান যোদ্ধার কৃত্রিম পায়ে বিয়ার পান করছেন অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

গার্ডিয়ানের অস্ট্রেলিয়া সংস্করণ প্রথম এ ছবি প্রকাশ করেছে। ডিসেম্বরের শুরুতে এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

একাধিক ছবি অনুসন্ধান করে বেরিয়ে আসে, ২০০৯ সালে আফগানিস্তানের উরুজগান প্রদেশের রাজধানী তারিন কওটের সামরিক ঘাঁটির ভেতরেই একটি বারে এসব ছবি তোলা হয়।

ফ্যাট ল্যাডিস আর্মস নামে বারটিতে বিয়ার পান করছেন ওই সেনা কর্মকর্তা। আর বিয়ারের পাত্র হচ্ছে লম্বা একটি কৃত্রিম পা, যেটি ছিল আফগানিস্তান যুদ্ধে নিহত এক তালেবান যোদ্ধার।

এখনো দেশটির সেনাবাহিনীতে কর্মরত আছেন ওই কর্মকর্তা। একটি ছবি থেকে ধারণা করা হচ্ছে, আরও দুই সেনা ওই কৃত্রিম নিয়ে বারে নাচানাচি করছিলেন।

কিছু সেনাসদস্য গার্ডিয়ানকে জানান, উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এ কর্মকাণ্ড সহ্য করেছেন। এমনকি তাদের কেউ কেউ এতে অংশ নিয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের এপ্রিলে উরুজগানের কাকারাক শহরে দুইটি কমপাউন্ড ও একটি টানেলে অভিযান চালায় অস্ট্রেলীয় বিশেষ বিমান বাহিনী এসএএসআর টু। সেখানে ওই তালেবান যোদ্ধা নিহত হন।

তার কৃত্রিম পাটি সংগ্রহ করে সামরিক ঘাঁটির ফ্যাট ল্যাডি আর্মস বারে রাখা হয়। সেখানে আসা দর্শনার্থীরা এটি দিয়ে বিয়ার পান করতো। বারটিতে দর্শনার্থী বলে ছিলেন অস্ট্রেলীয় সেনারাই।

আরও পড়ুন: আফগানিস্তানে নিজের সেনাদের যুদ্ধাপরাধের প্রমাণ পেল অস্ট্রেলিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত