সুন্দরবনের হিরণ পয়েন্টে যাওয়ার পথে ট্যুরিস্টবাহী একটি লঞ্চ ডুবোচরে আটকে পশুর নদীতে ডুবে যায় বলে খবর পাওয়া গেছে। তবে লঞ্চের যাত্রীরা ডুবে যাওয়ার আগেই নিরাপদে নেমে যেতে পেরেছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকায় পশুর নদীর ডুবোচরে আটকে যায় ডিসকভারি নামের ট্যুরিস্টবাহী লঞ্চটি। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরেই নেমে পড়েন।
ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াইস) যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক কোচিং জানান, ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে ট্যুরিস্ট লঞ্চ ডিসকভারি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খুলনার ৪নং ঘাট এলাকা থেকে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। হারবারিয়া, কটকা, দুলবার চর হয়ে লঞ্চটির হিরণ পয়েন্ট যাওয়ার কথা ছিল। শুক্রবার ভোর ৪টার দিকে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকায় পশুর নদীর ডুবোচরে আটকে যায় লঞ্চটি। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন। লঞ্চের লোকজনও চরে নেমে আসেন।
তিনি বলেন, নদীতে ভাটা থাকার কারণে ঢালু চরে পানির টানে লঞ্চটি পেছন দিকে নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে লঞ্চটি লম্বালম্বিভাবে পশুর নদীতে ডুবে যায়। ওই অবস্থায় যাত্রীরা দ্রুত চরের কাদা পানিতে নেমে যান। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সূত্র: ইউএনবি।
