অ্যাজমা রোগীদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলে দাবি করা হয়েছে একটি জরিপে। গবেষকদের বক্তব্য, ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভোগা রোগীদের ক্ষেত্রে করোনার প্রভাব খতিয়ে দেখতেই পরীক্ষাটি করা হয়েছিল। সেই সূত্রে এই তথ্য উঠে এসেছে।
২৪ নভেম্বর জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজিতে প্রকাশিত হয়েছে এই জরিপ।
এ ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বহু করোনা-আক্রান্ত রোগীর স্বাস্থ্যের উপরে গবেষণা চালানো হয়। গবেষকেরা জানিয়েছেন, প্রথমে কভিড-১৯ টেস্টের জন্য মোট ৩৭ হাজার ৪৬৯ জনের নমুনা নেওয়া হয়েছিল। এদের মধ্যে ২ হাজার ২৬৬ জন করোনা পজিটিভ ছিলেন। অর্থাৎ মোট আক্রান্তের ৬.০৫ শতাংশের কাছাকাছি করোনায় আক্রান্ত হয়।
এই ২ হাজার ২৬৬ জন করোনা-আক্রান্তের মধ্যে আবার ৬.৭৫ শতাংশ অর্থাৎ মাত্র ১৫৩ জনের অ্যাজমা ছিল।
পুরো বিষয়টি খতিয়ে দেখলে বোঝা যায় যাদের আগে থেকে অ্যাজমা রয়েছে, তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা ও প্রবণতা অনেকটাই কম। তবে এ নিয়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সমীক্ষার সঙ্গে যুক্ত গবেষকেরা।
এর আগে গবেষকেরা বলেন, অ্যাজমা-রোগীদের ক্ষেত্রে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা বা মেকানিক্যাল ব্রিদিং অ্যাসিট্যান্সের প্রয়োজন পড়েনি।
