শুরুর এক ঘণ্টা আগে স্থগিত হলো দ. আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৭:৫৬ পিএম

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল শুক্রবার। কিন্তু দক্ষিণ আফ্রিকা দলের এক খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ম্যাচটা পিছিয়ে দেওয়া হয়েছে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, শুক্রবারের ম্যাচের আগে বৃহস্পতিবার দুই দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হয়। যাদের মধ্যে একজন প্রোটিয়া খেলোয়াড়ের ফল পজিটিভ আসে। তবে আক্রান্ত খেলোয়াড়টির নাম প্রকাশ করা হয়নি।

দুই দলই ম্যাচের জন্য মাঠে পৌঁছে গিয়েছিল এবং প্রস্তুতিও শুরু করেছিল। কিন্তু ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে তা বাতিল করা হয়। কেপ টাউনে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি।

এর আগে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার দুই জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওই দুই জনের নামও জানায়নি দেশটির বোর্ড। তবে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত সময়েই হয়েছে। যেটায় হোয়াইটওয়াশ হয় প্রোটিয়ারা।

নতুন সূচিতে প্রথম ওয়ানডে হবে রবিবার। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে সোমবার ও বুধবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত