মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদে ঢুকে দৈনিক আমাদের সময়ের গজারিয়া উপজেলা প্রতিনিধি ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের (৩৮) ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার উপজেলার বালুয়াকান্দি গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজের খুতবা পাঠ চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে তার শ্যালক সাদ্দাম হোসেন ও শ্বশুর কামাল প্রধান আহত হন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক নয়ন ও সাদ্দামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন নাহার জানান, নয়নের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অন্যদিকে তার শ্যালক ও তার শ^শুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নয়ন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের বিরুদ্ধে সম্প্রতি পত্রিকায় রিপোর্ট করার জের ধরে জুয়েল ও তার অনুসারীরা তার ওপর ক্ষিপ্ত ছিল। গতকাল জুমার নামাজ পড়তে গেলে মসজিদে ঢুকে তার ওপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। চেয়ারম্যানের নির্দেশে তার দুই ভাই মন্টু ও সেন্টু এবং ভাগিনা রুবেল, বাবু ও সহযোগী সুজন, মেহেদী, মাসুম, রাসেল, সুমন, সালাম, গাফফারসহ ২০-২৫ জন এ হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র, রড ও ইট দিয়ে তাকে পিটিয়ে আহত করে। তার শ্যালক ও শ্বশুর বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে মুসল্লিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ ব্যাপারে শহীদুজ্জামান জুয়েলসহ অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে কল করে সেগুলো বন্ধ পাওয়া গেছে।
এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান বলেন, ঘটনার পরপর জড়িতদের আটকে অভিযান শুরু করেছে গজারিয়া থানার পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
