যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৫ হাজারের রেকর্ড সংক্রমণ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০১:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রে পরপর দুই দিনের মতো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তে নতুন রেকর্ড হয়েছে। একদিনে দেশটিতে নতুন করে ২ লাখ ২৫ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর: এএফপি।

স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় শনিবার ০১৩০টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, একই সময় আরও ২ হাজার ৫০৬ জন করোনায় মারা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাটকীয়ভাবে করোনা সংক্রমণের হার অনেক বেড়েছে।

দেশটিতে গত মাসে তিন দিন প্রাত্যহিক নতুন আক্রান্ত ২ লাখ অতিক্রম করে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়।

কর্তৃপক্ষ বাসায় অবস্থান করার আহ্বান সত্ত্বেও গত সপ্তাহের থ্যাঙ্কসগিভিং হলিডে উদ্‌যাপনে লাখ লাখ মার্কিন নাগরিক ভ্রমণের কারণে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সতর্ক বার্তার কথা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারাতে দেখা যায়। প্রাত্যহিক মৃত্যুর এই প্রবণতা ফের দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঢেউয়ের পর্যায়ে চলে গেছে।

যুক্তরাষ্ট্রে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত